মো: হুমায়ুন কবির ইস্টপ রিপোর্টোর
যশোরের কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইনের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সম্প্রতি দেওয়া বেনামী অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়া পুলিশ ক্যাম্প এলাকায় অতীতে বিভিন্ন কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ সময় দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনরত এসআই শামীম হোসাইন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানা যায়। এতে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহলের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে বেনামী ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর একাংশের দাবি, বর্তমান ক্যাম্প ইনচার্জ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। ফলে স্থানীয় দালাল ও সুবিধাভোগী চক্রের তৎপরতা কমে যাওয়ায় ক্ষুব্ধ একটি মহল তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দাখিল করছে। এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন, “আমি অসহায় ও গরিব মানুষকে অযথা হয়রানি করি না। ত্রিমোহনী ও সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কেউ বলতে পারবে না যে, আমি অন্যায়ভাবে কাউকে হয়রানি করেছি। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের সমস্যার কথা সরাসরি শুনি। এটি হয়তো একটি বিশেষ মহলের পছন্দ হচ্ছে না। এজন্যই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনছে। আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। এসব অভিযোগ নিয়ে আমি চিন্তিত নই। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্বল।”