নিজস্ব প্রতিবেদক | সাভার, ঢাকা | ৭ জুন ২০২৬
সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণ। প্রতিবাদলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন সচিব মোঃ আমির হোসেন। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এবং তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সচিব মোঃ আমির হোসেন বলেন, “আমার বিরুদ্ধে প্রচারিত সকল অভিযোগ ও সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। আমি একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং সত্য উদঘাটনে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমি সকলকে গুজব ও ভুয়া সংবাদের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।” তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে একজন সৎ সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে অপপ্রচারকারীদের চিহ্নিত করতে হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় জনগণও এ ধরনের বিভ্রান্তিকর ও গুজবনির্ভর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।