দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নিতাই চন্দ্র নামের এক তরুণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর চরবয়রা গ্রামের তালতলী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।জানা যায়, বিকেলে তালতলী বাজারে নিজের দোকানে থাকাকালীন পারিবারিক ঝামেলা নিয়ে প্রতিবেশী শুভাষ চন্দ্র শীলের সঙ্গে নিতাই চন্দ্রের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জলিল হাওলাদার ও জাবের মাহমুদ লিটনসহ ৩-৪ জন ব্যক্তি রড ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অতসী উপমা ঐশী জানান, আহত নিতাই চন্দ্রের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক জলিল হাওলাদার মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, "নিতাই চন্দ্র আমাদের গালাগাল করেছে, এজন্য আমরা তাকে মেরেছি।"
দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।