মোঃ শিব্বির স্টাফ রিপোর্টার:
এইমাত্র পাওয়া খবর নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ডগামী জালকুড়ি ফ্লাইওভারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত দুইজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডের দিকে যাওয়ার পথে একটি প্রাইভেটকার পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাশের রেলিংয়ে সজোরে আঘাত করে। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে নিহত শিশু ও আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।