ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক,এসআই নন্দন চন্দ্র সরকার,কনস্টেবল রাশিদুল, পুলিশের গুলিতে আহত অবস্থায় আটক জসিম (২৪) রেজ্জাক বেপারীর ছেলে। অপর আটক ব্যক্তি একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)। পুলিশের ভাষ্য পুলিশ জানায়, ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জসিম গুলিবিদ্ধ হন এবং মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজনকে আটক করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসির বক্তব্য ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।