মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মোঃ আমির হোসেনের বিরুদ্ধে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সম্প্রতি ‘অগ্রযাত্রা’ নামক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, সাংবাদিক আমির হোসেন বনাঞ্চলের জমিতে অবৈধভাবে ঘর-বাড়ি নির্মাণ এবং বনের গাছ বিক্রি করে বাণিজ্য করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
আমির হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। তার পেশাগত জীবনে কোনো ধরনের অনিয়ম বা কলঙ্কের নজির নেই বলে জানিয়েছেন সহকর্মীরা। পাশাপাশি তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বর্তমানে বাংলাদেশ প্রেসক্লাব, কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন। তার এই সুনাম ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাভিত্তিক কয়েকজন অপসাংবাদিক ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছে বলে দাবি করেন আমির হোসেন। তিনি বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং মূলধারার সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”
এ ঘটনায় তিনি জোরালো প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সচেতন মহলের মতে, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।