আওয়ার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার স্পাইসি হোটেল এন্ড রেস্টুরেন্টের বিপরীতের ঢাকাগামী পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁওয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার দুই ছেলে মোঃ পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ডালিম (৪৮), আলাপদী এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসামের বাতাখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে সোনারগাঁওয়ের কামারগাঁওয়ের ভাড়াটিয়া মোঃ মনির হোসেনের ছেলে মোঃ অন্তর (২৪)। পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম রাত্রিকালীন টহল ডিউটিতে ছিল। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, ৯/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মোগড়াপাড়া মহাসড়ক এলাকায় সিএনজি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালালে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে ডাকাতদের হেফাজত থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজি (রেজিস্ট্রেশন নং- নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।