স্টাফ রিপোর্টার:
সরকারি তালিকা উপেক্ষা করে বেনামে চাল বিতরণ, ক্ষোভে ফুঁসছেন প্রকৃত জেলেরা
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জেলে চাল বিতরণকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ জব্বার মেম্বারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দকৃত জেলে চাল প্রকৃত উপকারভোগীদের না দিয়ে অর্থের বিনিময়ে অন্যদের মাঝে বেনামে বিতরণ করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ও ভুক্তভোগী জেলেরা জানান, সরকার ঘোষিত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রকৃত জেলে চাল পাননি। বরং তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। যারা টাকা দিতে রাজি হননি, তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন নাম সংযোজন করে চাল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ।
একজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের নামে চাল আসে, কিন্তু আমরা পাই না। মেম্বারের কাছে গেলে বিভিন্ন অজুহাত দেখায়। পরে শুনি অন্যদের নামে চাল দেয়া হয়েছে।”
স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এতে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ জব্বার মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচি যদি এভাবে অনিয়মের শিকার হয়, তবে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হবেন—এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে