
মোঃ আলীহোসেন মোল্লাঃ নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।
পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার ১০ নং মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য প্রদানকালে মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জনগণের ভোগান্তির কথা তুলে ধরে সাবেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা এলাকায় চলাচলের সুব্যবস্থার জন্য কাঁচা রাস্তাগুলো পাকা/কার্পেটিং (পাকা রাস্তা তৈরি) করা, কৃষিকাজ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে জলাবদ্ধ খালসমূহ ড্রেজিং (পুনঃখনন) করা এবং বিশুদ্ধ পানীয় জলের সংকট দূরীকরণে পর্যাপ্ত গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করার জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি-দাওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে গ্রহণ করেন। তিনি বলেন, অবহেলিত মরিচবুনিয়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। একই সাথে তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 








