
মোঃ রাজন মাদবর স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন*
ডামুড্যা, শরীয়তপুর:* সরকারি বরাদ্দের রাস্তার কাজেও চলছে অনিয়ম। ডামুড্যা উপজেলার দারুল-আমান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামরায় এলাকায় কুদ্দুস আলী খানের বাড়ি থেকে সাইফুল খানের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ মিটার রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ও পুরাতন ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন রাস্তায় নতুন ইটের বদলে ভাঙা, ফাটলযুক্ত ও পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটগুলোর মানও অত্যন্ত নিম্ন। স্থানীয়রা বলছেন, এভাবে কাজ হলে এক মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, জনগণের টাকায় নির্মিত এ রাস্তার কাজে ঠিকাদার ও সংশ্লিষ্টদের যোগসাজশে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা মানসম্মত রাস্তা চাই। পুরাতন ইট দিয়ে কাজ করলে আমাদের ভোগান্তি আর কমবে না।”দ্রুত এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানসম্মত উপকরণ দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছবি: ডামুড্যার দারুল-আমান ইউনিয়নে নির্মাণাধীন রাস্তায় পুরাতন ও ভাঙা ইট ব্যবহারের দৃশ্য।
Reporter Name 














