
মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী শান্তিপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আলামিন মোল্লা জানান, তিনি জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। সম্প্রতি তাঁর মা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে গ্রামের বাড়িতে আসেন। মাকে দেখে ফেরার পর চাচাকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করতে গেলে কয়েকজন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। আলামিন মোল্লার অভিযোগ, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মোঃ নিজাম, মোঃ সৈকত, সিপন ও কবিরসহ চারজন ছিলেন। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। আলামিন মোল্লার ভাষ্য, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর একটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁর ডাক-চিৎকার শুনে বড় ভাই জাকির মোল্লা ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। তাঁর মাথায় দুটি এবং হাতে একটি কোপ লাগে বলে অভিযোগ করা হয়েছে। আলামিন মোল্লা আরও বলেন, কয়েকদিন আগে একই পক্ষ তাঁর চাচাকে মারধর করেছিল। তাঁদের ধারণা ছিল, সেই ঘটনার জেরে তিনি ঢাকা থেকে প্রতিশোধ নিতে এসেছেন। মূলত সেই ভুল ধারণা থেকেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের পটুয়াখালী ৩০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পর ভুক্তভোগীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। তবে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Reporter Name 















