
মামুনুর রশীদ মামুন, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাজ্জাদ রোমান। দায়িত্ব নিয়েই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সাধারণ মানুষের আইনি সেবা সহজীকরণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে নতুন ওসি তাঁর কর্মপরিকল্পনা ও বিভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন। আইনি সেবায় স্বচ্ছতা ও হয়রানি রোধ: থানায় সেবা নিতে আসা মানুষের সুবিধার্থে সেবাব্যবস্থা আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন ওসি। তিনি জানান, জিডি, লিখিত অভিযোগ ও সাধারণ আইনি সহায়তার জন্য আসা ব্যক্তিদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হবে। কোনো অভিযোগের ক্ষেত্রে কাউকে আগাম দোষী সাব্যস্ত না করে বস্তুনিষ্ঠ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন প্রয়োগে ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক পরিচয়ের চেয়ে প্রমাণের নিরপেক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। মাদক ও কিশোর অপরাধে জিরো টলারেন্স: উপজেলায় মাদক নির্মূলকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ওসি সাজ্জাদ রোমান বলেন, মাদক বিক্রেতা ও চক্রের পেছনে থাকা প্রভাবশালী—কারো সঙ্গেই আপস করা হবে না। একই সঙ্গে চুরি-ছিনতাই, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও ইভটিজিং বন্ধে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পুলিশের নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানো হবে। বিট পুলিশিং ও সামাজিক যোগাযোগ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার কথা জানান তিনি। জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের সাথে সমন্বয় করে অপরাধ দমনে কাজ করা হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং যেকোনো জরুরি ঘটনায় তাৎক্ষণিক পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অভ্যন্তরীণ জবাবদিহি ও জনগণের সহায়তা: পুলিশের অভ্যন্তরীণ কাজের শৃঙ্খলা বিষয়ে ওসি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা, অপেশাদার আচরণ বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অপরাধ প্রতিরোধে তথ্যের ভূমিকা অপরিসীম। যেকোনো এলাকাভিত্তিক অপরাধ বা মাদকের তথ্য পুলিশকে জানান। গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করছি।”
Reporter Name 














